আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৯ নভেম্বর: কিশোরীকে খুনের অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। গত শনিবার ফরাক্কা থানার মহেশপুরে গঙ্গার ঘাট থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিবার সূত্রে জানা গেছে, মৃত ওই কিশোরীর নাম তাহালিমা খাতুন, বয়স ৮ বছর। পরিবারের সদস্যদের দাবি, তাকে কেউ খুন করেছে।
গ্রামবাসীদের দাবি, বার বার এখানে এই ধরনের অপরাধমূলক কাজ হচ্ছে। এই কিশোরীর মৃত্যুর পর তিনদিন কেটে গেলেও প্রশাসন কোনও আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি।

আজ মহেশপুরের সকল গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করে মহেশপুর এলাকায়। ধিক্কার মিছিলে গ্রামের সকল মহিলা ও পুরুষ অংশ নেয়। তারা দোষীদের শাস্তির দাবি জানিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ করে। ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কার এসডিপিও ওয়াসিম খান। পুলিশ প্রশাসন জানান, দোষীদের গ্রেফতার করা হবে এবং কঠোরতম শাস্তি দেওয়া হবে।

