আমাদের ভারত, ৩০ নভেম্বর: সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার জন্যই প্রায়শই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু সেই রকম একটি পোস্ট ঘিরেই তিনি খুনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের জন্য কঙ্গনার বিরুদ্ধে একটি এফ আই আর দায়ের করা হয়েছিল। সেখানে তিনি কৃষকদের বিক্ষোভকে খালিস্তান আন্দোলন বলে অভিহিত করেছিলেন। কিন্তু এবার অভিনেত্রী নিজে এফআইআর দায়ের করেছেন। তিনি খুনের হুমকি পাচ্ছেন বলেই এফআইআর দায়ের করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
কঙ্গনা বলেন আমার এই পোস্টে আমি প্রতিনিয়ত বিঘ্নকারী শক্তির কাছ থেকে হুমকি পাচ্ছি। ভটিন্ডার এক ভাই প্রকাশ্যে আমাকে খুনের হুমকি দিয়েছেন। এই ধরনের হুমকিতে আমি ভীত নই। যারা দেশ ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে কথা বলি এবং সবসময় বলবো।
কঙ্গনা রানাওয়াত কৃষক আন্দোলনকে খালিস্থানি বিক্ষোভের সঙ্গে তুলনা করেছিলেন এই অভিযোগ করেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। আইন প্রত্যাহার করার কথা জানানোর পরই পদ্মশ্রীপ্রাপ্ত কঙ্গনা রানাওয়াত নিজের ঝাঁঝালো মন্তব্য করেন। সেখানে কঙ্গনা প্রতিবাদী কৃষকদের জিহাদি বলেও আক্রমণ করেন। তিনি মন্তব্য করেন, “খুবই দুঃখজনক বিষয়। লজ্জাজনক এবং অসমীচীন ঘটনা। সরকারের তৈরি করার নিয়ম অমান্য করে রাস্তার লোকেরা যদি এবার আইন তৈরি করতে শুরু করে, তাহলে তারা তো জিহাদির সমান। অভিনন্দন সেই সব লোকদের যারা এটা চাইছিলেন।’
তিনি আরও লেখেন, যখন দেশের মানুষের চেতনা চলে যায় তখন লাঠি দিয়ে একমাত্র ঠান্ডা করা সম্ভব। না হলে এদের আটকাতে দরকার স্বৈরতন্ত্র।”
খুনের হুমকি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং পাঞ্জাব সরকারকে পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করার আবেদন করেছেন কঙ্গনা।

