জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: ২২ জানুয়ারি হাওড়া, শিলিগুড়ি, বিধান নগর, চন্দননগর ও আসানসোল পুরসভায় নির্বাচনের পর রাজ্যের বাকি পৌরসভাগুলোতে ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
বুধবার পৌরসভা নির্বাচনের শুনানির সময় কমিশনের আইনজীবী এই প্রস্তাব দেন। নির্বাচন বিষয়ক জনস্বার্থ মামলায় শুনানির সময় প্রধান বিচারপতি জানতে চান রাজ্যের বাকি পৌরসভাগুলি নিয়ে কমিশনের ভাবনা কি? সেই সময় কমিশনের আইনজীবী ২২ জানুয়ারি এবং ২৭ ফেব্রুয়ারি দিন দুটির কথা জানান। তিনি বলেন, ২৭ ফেব্রুয়ারি দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার খড়্গপুর, মেদিনীপুর, ঘাটাল, ক্ষীরপাই, কাঁথি, ঝাড়গ্রাম, রামজীবনপুর পৌরসভার নির্বাচন হবে। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। সরকার এবং বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে খবর।

