পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ নভেম্বর: কাঁচা পাটকে নিত্যপ্রয়োজনীয় মালের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আন্দোলনে নামলো উত্তরবঙ্গ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার দুপুরে একাধিক দাবি নিয়ে সংগঠনের তরফে বালুরঘাট সদর মহকুমা শাসকের কাছে একটি দাবিপত্র পেশ করা হয়।
এদিন সংগঠনের তরফে বালুরঘাট ইউনিটের সম্পাদক কমলেন্দু ঘোষ জানান, বর্তমানে কেন্দ্রীয় সরকার পাটকে নিত্যপ্রয়োজনীয় মালের তালিকাভুক্ত করায় পাট ব্যবসায়ীরা সর্বোচ্চ ৩০০ কুইন্টাল পাট মজুত করতে পারে। যা নিয়েই এদিন মহকুমা শাসককে দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে। যেখানে বলা হয়েছে, ৩০০ কুইন্টাল নয়, ৫০০ কুইন্টাল মজুত করার অনুমতি দিতে হবে। তিনি আরও অভিযোগ করে বলেন, বর্তমানে পাটের উপর রাজ্য সরকার এক শতাংশ মার্কেটিং ফি-র টাকা কেটে নিচ্ছে। কিন্তু এরপরেও ফের মিল মালিকগুলি বাড়তি ১ শতাংশ টাকা কেটে নিচ্ছেন। যা নেবার কোনো নির্দেশ নেই। তাছাড়াও এই টাকা নেবার পরেও তাদের কোনও রকম রসিদ দেওয়া হচ্ছে না। পাশাপাশি, বর্তমান বাজারে যেখানে পাট কেজিপ্রতি ৭০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে, সেখানে সরকার সর্বোচ্চ ৬৫ টাকা দাম ধার্য্য করেছে। এরও প্রতিবাদ জানানো হয়েছে এদিন। কমলেন্দু বাবু আরো জানান, অবিলম্বে রাজ্য সরকার উত্তরবঙ্গ পাট ব্যবসায়ীদের দাবি না মানলে তারা আরও বড় ধরনের আন্দোলনে নামবে। প্রয়োজনে বালুরঘাট ব্লকের সমস্ত হাটগুলি বন্ধ করে দেবার হুঁশিয়ারিও দেন এদিন।
যদিও প্রশাসনের তরফে জানানো হয়, ব্যবসায়ীদের দেওয়া স্মারকলিপি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।

