নৈতিকতা, এই শব্দবন্ধটা সম্ভবত কোনওদিন শোনেননি তৃণমূল কংগ্রেসের নেতারা: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১৮ মে: এসএসসি দুর্নীতি মামলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কাঠগড়ায় তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, এই দুর্নীতির দায় মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিতে হবে। এর পাশাপাশি তিনি বলেন, “নৈতিকতা, এই শব্দবন্ধটা সম্ভবত কোনওদিন শোনেনি তৃণমূল কংগ্রেসের নেতারা।”

পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরা প্রসঙ্গে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “আমি বলব পার্থবাবুর উচিত সত্য কথা বলে দেওয়া। কারা কারা তাঁকে লিস্ট দিয়েছিলেন। কার চাপে সেই তালিকায় নাম থাকা প্রার্থীদের চাকরি দিতে বাধ্য হয়েছিলেন। তাদের নাম বলে দেওয়া উচিত পার্থবাবুর।”

তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতির কথা ইতিমধ্যেই রাজ্যবাসীর গোচরে এসেছে। আমফানে ত্রাণের টাকা তছরুপ থেকে শুরু করে এসএসসি মামলা। সবকিছুতেই নাম উঠে এসেছে শাসক দলের। এবার এই ঘটনায় একা পার্থবাবু নন গোটা দলই জড়িত থাকতে পারে। এই সম্ভাবনা তুলে ধরে বিজেপি নেতা বলেছেন, “আমি ১০০ শতাংশ নিশ্চিত শুধু পার্থ চট্টোপাধ্যায় ও কোনও পরামর্শদান কমিটি এর সঙ্গে যুক্ত নন। তাঁর দলের অন্যান্য ও সর্বোচ্চ নেতৃত্ব এর সঙ্গে যুক্ত। তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করেছেন। দলের সিদ্ধান্তে এটা হয়েছে। তার ফলে এইভাবে চাকরি বিক্রি করা হয়েছে। জেলা থেকে রাজ্যস্তর অবধি বহুজনের এই দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে।”

তাঁর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর দিকে কিনা সেই প্রশ্নে তিনি বলেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর দলের সর্বোচ্চ প্রধান। এর আগে ফিরহাদ হাকিম প্রচারমাধ্যমের সামনে স্বীকার করেছেন যদি কোনও ভুল হয়ে থাকে তার দায় গোটা মন্ত্রিসভার। এই মন্ত্রিসভার মাথায় বসে আছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। উনি দায় এড়াতে পারেন না। তাঁকেও এই দায় নিতে হবে।” বিজেপি বিধায়কের কথায় অন্যায় হয়ে থাকলে সেই দায় মাননীয়া মুখ্যমন্ত্রীকে নিতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *