আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ আগস্ট: গৃহস্থ বাড়ি থেকে বিস্কুটের কৌটো নিয়ে পালাতে গিয়ে গুলিতে প্রাণ গেল এক হনুমানের। জয়পুর বন দপ্তরের অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ অভিযুক্ত অভিষেক ঘোষ নামে এক ব্যক্তিকে শুক্রবার গ্রেপ্তার করে। আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। হনুমানটির বুক লক্ষ্য করে এয়ার গান থেকে গুলি চালান অভিযুক্ত। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে হনুমানটি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর থানার রাজগ্রামে।
স্থানীয়দের বক্তব্য, হনুমানটি অভিষেক ঘোষের বাড়িতে ঢুকে বিস্কুটের কৌটো নিয়ে পালানোর সময় এয়ারগান হাতে নিয়ে গুলি চালান অভিষেক ঘোষ। সেই গুলি হনুমানটির বুকে গিয়ে লাগে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে হনুমানটি। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও বন্যপ্রাণী সুরক্ষা সংস্থা মাই ডিয়ার ট্রিজ এন্ড ওয়াইল্ডসের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এলাকায় হনুমানের উৎপাত নিয়ে বাসিন্দাদের একাংশ বিরক্ত হয়ে উঠেছিলেন। শুক্রবার একটি হনুমান অভিযুক্তের বাড়িতে ঢুকে পড়ে। ঘরের ভিতর থেকে বিস্কুটের কৌটো নিয়ে বেরনোর সময়ই তাকে লক্ষ্য করে গুলি চালান অভিষেকবাবু বলে অভিযোগ উঠেছে। বিস্কুটের কৌটো নিয়ে পালানোর ‘অপরাধে’ শেষ পর্যন্ত প্রাণ গেল হনুমানটির।
গুলির শব্দ ও হনুমানটির আর্তনাদ শুনে বাড়ির সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। খবর যায় জয়পুর থানা ও বন দপ্তরে। বনকর্মীরা মৃত হনুমানটির দেহ জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যান। সেখানে ময়নাতদন্ত করা হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনায় বন দফতরের তরফে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিষেক ঘোষকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

