নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভ্রাম্যমাণ বাতানুকূল রক্ত সংগ্রাহক বাস

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ জুন:
এবার নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভ্রাম্যমাণ বাতানুকূল রক্ত সংগ্রাহক বাস। কলকাতায় এই ধরনের ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহ বাতানুকূল বাস দেখে প্রায় প্রতিটা জেলায় স্বেচ্ছাসেবক এবং রক্তদানের আয়োজকরা অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন। যদিও মুর্শিদাবাদে এ ধরনের একটি বাস এক মাস আগেই কাজ শুরু করে। গতকাল নদিয়া জেলা ব্লাড কন্ট্রোল ইউনিটের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত এই বাস প্রথম নিয়ে আসেন শান্তিপুরে, সেখানে রেড ভলান্টিয়ারদের আহ্বানে বিপুল সাড়া পেয়েছেন তারা। এরপর আজ দ্বিতীয় দিন হিসেবে কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের আহ্বানে সাড়া দেন তারা। সেখানেও রক্তদাতাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংগ্রাহকদের পক্ষ থেকে জানা যায়, বাইরে প্রচন্ড গরম। মাঝে মাঝে বৃষ্টির সমস্যাও থাকে, অক্সিজেন, ওষুধ এবং রক্ত গ্রহণের আনুষাঙ্গিক সমস্ত বিষয় মজুদ থাকে এই বাসে। এমনকি একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং অভিজ্ঞ আরও তিনজন স্বাস্থ্য কর্মীর পরিষেবায় ক্রমশঃ বাড়ছে এই বাসের চাহিদা। আগামী ১০ তারিখ পর্যন্ত বুকিং হয়ে রয়েছে। তবে কৃষ্ণনগর ব্লাড ব্যাংকে যোগাযোগ করলে ১০ তারিখের পরবর্তী যে কোনোও দিন পেতে পারেন আয়োজকরা। পাড়ার গলি হোক বা রাজপথ, পথচারীরা মানসিকভাবে প্রস্তুত না থাকলেও, হঠাৎ সিদ্ধান্ত নিয়েও মহান রক্তদানে শামিল হতে পারেন। তাই ক্রমশ চাহিদা বাড়ছে এই ভ্রাম্যমান বাসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *