আমাদের ভারত, বর্ধমান, ২৯ নভেম্বর: শনিবার সকাল থেকে নিখোঁজ ছেলে। তাকে খুঁজে পেতে হন্যে হয়ে ঘুরছেন মা- বাবা। শক্তিগড় স্টেশনের কাছে বাড়ি বিশাল শাহানি ওরফে রাজার। বর্তমানে সে অষ্টম শ্রেণির ছাত্র। বয়স ১৪ বছর। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে সাড়ে পাঁচটার সময় উঠে প্রাতরাশ করে টিউশন পড়তে যেত সে। কিন্তু গত শনিবার হঠাৎ করেই সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বাড়িতে কোনওরকম অশান্তি ঝামেলা কিছুই হয়নি। কিন্তু তবুও কেন হঠাৎ করে অষ্টম শ্রেণির ওই ছাত্র বাড়িছাড়া হল সেই নিয়ে ধন্দে পরিবারের লোকজন।
ইতিমধ্যেই বিশালের বাবা নারায়ণ সাহানি শক্তিগড় থানার মিসিং ডায়েরি করেছেন। তবে শুধুই পুলিশের উপরে ছেলেকে খোঁজার দায়িত্ব দিয়েই ক্ষান্ত হননি বাবা নারায়ন সাহানি। নিজেরাও ছেলের ফটো দেখিয়ে খোঁজার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন আরামবাগ হলদিয়া বাসে চেপে চলে গিয়েছে ছেলেটি। এখনো পর্যন্ত ছেলের খোঁজ পাননি তিনি। আজ রায়নার সেহারা পুলিশ ফাঁড়িতে আসেন পরিবারের লোকজন। ফাঁড়িতে ছেলের ফটো দিয়ে সেহারাবাজারে খোঁজাখুঁজি করেন।

