নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ২৮ মে:
অর্জুন সিং তৃণমূলে আসতেই ফের প্রকাশ্যে এসে গেলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। শনিবার সন্ধ্যায় জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তারবাগান রেলওয়ে সাইডিংয়ে সাংসদ অর্জুন সিংকে সংবর্ধনা সভার আয়োজন করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই সভা বানচাল করে দেবার চেষ্টা করে স্থানীয় দুষ্কৃতীরা।
অভিযোগ, এদিন বিকেলে সভা শুরুর আগে মাদক ব্যবসায়ী কালাবাবু ও রাজ পান্ডে দলবল নিয়ে অতর্কিতে হামলা চালায়। তারা চেয়ার ভাঙ্গচুর করে। পাশাপাশি এলাকার মহিলাদেও মারধর করে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, জগদ্দল বিধানসভার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের অনুগামী হিসেবে পরিচিত কিছু স্থানীয় দুষ্কৃতী এই কাজ করেছে। কারন তাদের দাবি অর্জুন সিং দলে আসার ফলে তৃণমূলের নাম নিয়ে যারা গুন্ডামি করত, তোলাবাজি করত তারা অর্জুন সিং দলে আসায় সেই কাজ আর করতে পারবে না। তাই এই সব গুন্ডামি করছে।
অর্জুন সিং বলেন, সমস্ত ঘটনা দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। এখানে কিছু লোক অপরাধমূলক রাজনীতি করতে চাইছে, আগে করেছে এখন আর সেটা সম্ভব না।”

