ভাটপাড়ার মানিকপীরে প্রাচীন শিব মন্দিরের মূর্তির গলা কাটল দুষ্কৃতীরা, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ জানুয়ারি: ভাটপাড়ার বহু প্রাচীন শিব মন্দিরের শিবের মূর্তির গলা ভাঙ্গলো দুষ্কৃতীরা। মঙ্গলবার ন্যক্কারজনক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাটপাড়া থানার কাঁকিনাড়ার মানিকপীর বাজারে। অভিযোগ, একদল দুষ্কৃতী এই মূর্তি ভাঙ্গার কাজ করেছে। আর এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হয় বিজেপির ব্যারাকপুর জেলার ওবিসি মোর্চার সম্পাদক গোপাল কুমার সাউকে।

এই ঘটনা সামনে আসতেই ঘটনার তীব্র নিন্দা করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, “বাংলায় অরাজকতা চলছে। জেহাদি, বুদ্ধিজীবীদের একাংশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিলিত হয়ে এই কান্ড ঘটিয়েছে।” সাংসদের দাবি, সামনে পৌর সভার ভোট আছে, আর পুর ভোটে সাধারণ মানুষ যাতে ঘর থেকে না বেরতে পারে, তার জন্য আগে থেকেই শাসকদল সন্ত্রাস চালাচ্ছে।

যদিও এই ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতারা বলেন, এটা দুষ্কৃতীদের কাজ। পুরো এলাকা ঘিরে রেখেছে ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী।

তবে ভাটপাড়া পৌরসভার মুখ্য প্রশাসক গোপাল রাউত এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, এটা দুষ্কৃতীদের কাজ। যে বা যারা এই কাজ করেছে তাদের শাস্তি হবেই। সেটা দেওয়ার জন্য প্রশাসন আছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে অর্জুন সিং বা কোনো কেউ কোনো ধরনের তাণ্ডব চালানোর চেষ্টা করলে আমরা তা হতে দেব না। এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে পুলিশ প্রশাসন এবং খুব শীঘ্রই দুষ্কৃতিদের খুঁজে বের করবে।”

তবে এই ঘটনায় ভাটপাড়ার ওই এলাকা থমথমে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বসেছে পুলিশ পিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *