আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ নভেম্বর:
ভারতীয় দূতাবাসে কর্মরত এক ব্যক্তির জমির পাঁচিল ভেঙ্গে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অশোকনগরের পশ্চিম মানিকনগর এলাকায়।

জানা গিয়েছে, মনোতোষ সজ্জন নামে ভারতীয় দূতাবাসে কর্তব্যরত এক ব্যক্তির বেশ কিছু জমি রয়েছে পশ্চিম মানিকনগর এলাকায়। সম্প্রতি জমির একাংশ পাঁচিল দিয়ে ঘেরার কাজ চলছিল। গত সোমবার গভীর রাতে সেই পাঁচীল ভেঙ্গে দেয় কয়েকজন দুষ্কৃতী এমনটাই অভিযোগ। ঘটনায় মনোতোষ বাবুর দাদা পরিতোষ সজ্জন অশোকনগর থানায় বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতে এলাকারই তিন যুবককে গ্রেফতার করে। ধৃতরা হল জয়ন্ত মন্ডল, অশোক মন্ডল ও জগদিশ মিস্ত্রি। বুধবার ধৃতদের তোলা হয় বারাসত আদালতে।
বর্তমানে মনোতোষ বাবু ভারতীয় দূতাবাসের দিল্লিতে কর্মরত রয়েছে। তাই তার দাদা পরিতোষ বাবু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একটি বেসরকারি বিদ্যালয় তৈরি করার পরিকল্পনা রয়েছে ওই জমিতে বলে জানান পরিতোষবাবু। জমির দখল নিতে এই হামলা বলে মনে করা হচ্ছে।

