আমাদের ভারত, বীরভূম, ৯ নভেম্বর: কখন যে কার ভাগ্য ফিরে যায় সেটা আর কে বলতে পারে। ভাগ্য লেখার ভার থাকে বিধাতার হাতে। আজ ৩০ টাকার টিকিটে কোটিপতি হলেন দুবরাজপুরের ইসলামপুর গ্রামের আশরফিপাড়ার বাসিন্দা সেখ এহসান।
পেশায় তিনি ফেরিওয়ালা। মাটির বাড়িতে বসবাস করেন। খড়ের ছাউনি দেওয়া চাল দিয়ে জল পড়ে বলে পৌরসভার দেওয়া ত্রিপল খাটিয়ে থাকেন পরিবারের সদস্যদের সাথে। বাড়িতে রয়েছে মা, বাবা, স্ত্রী ও দুই সন্তান। সেখ এহসান জানান, আমি ফেরির কাজ করি। রোজগার বলতে প্রতিদিন ২০০ টাকা করে হয়। প্রতিদিন ৬০ টাকার টিকিট ক্রয় করি। কিন্তু আজ সকালে আমি ৩০ টাকার টিকিট ক্রয় করি। দুপুরে রেজাল্ট নিয়ে দেখি ১ কোটি টাকা পড়েছে। আমি খুবই খুশি। এই টাকা দিয়ে নিজের সন্তানদের লেখাপড়া করাব।

তাঁর বাবা সেখ জাফর আলী জানান, আমি নিজেও ফেরি করে সংসার নির্বাহ করি। তাই ছেলেও ঐ কাজের সাথে যুক্ত। সে লটারিতে টাকা পেয়েছে শুনে আমরা খুব খুশী। তাঁর মা নুরেমা বিবি জানান, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। দিন আনা দিন খাওয়া লোক। মাটির বাড়িতে বসবাস করি। এমনকী নাতিদের পড়াশুনাও করাতে পারিনি। তার জন্য ফেরির কাজ করে সংসার চালায়। তাই এই টাকাতে প্রথমে ছেলেদের পড়াশুনা করাব। তারপর একটা ভালো বাড়ি বানাব। এই খবর পেয়ে প্রতিবেশিরা ভিড় জমান তাদের বাড়িতে।

