মুমূর্ষু রোগীকে রক্ত দিলেন মিহির খামরি

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ মে: মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন স্থানে চলছে ঝমঝম বৃষ্টি। অন্যদিকে মহামারী পরিস্থিতিতে লকডাউনে স্বাভাবিক জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। কিন্তু শত বাধার মাঝেও থেমে নেই সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব”-এর সদস্য-সদস্যারা। বিগত দিনের মতো আবারও জরুরি প্রয়োজনে রক্ত দিতে এগিয়ে এলেন গ্রুপের সদস্যরা।

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ষাট বছর বয়সী বিষ্ণু ওঝা। তাঁর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ‘এ’ পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। মঙ্গলবার রাতে রক্তের প্রয়োজনীয়তার কথা জানিয়ে গ্রুপের এডমিন বিশ্বজিৎ পালের সঙ্গে যোগাযোগ করেন রোগীর আত্মীয় রবিন মন্ডল। রাত সাড়ে দশটা নাগাদ রক্তদানে সদস্য-সদস্যাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে পোষ্ট করেন বিশ্বজিৎবাবু নিজে। পোষ্টে নিজের ফোন নং সহ কমেন্ট করে রক্তদানে আগ্রহ প্রকাশ করেন নয়াবসানের বাসিন্দা, গ্রুপের সদস্য তথা গোপীবল্লভপুর হাসপাতালের কর্মী মিহির খামরি। হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীদের সহযোগিতায় মঙ্গলবার গোপীবল্লপুর ব্লাড ব্যাংকে রক্ত দেন মিহির খামরি।

রোগীর পরিবারের পক্ষ থেকে রক্তদাতা সহ রক্তদাতা যোগাড়ে সাহায্যকারী গ্রুপের সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, বিগত একবছরে বেশ কয়েকবার জরুরি প্রয়োজনে গ্রুপের উদ্যোগে রক্তদাতা যোগাড় করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *