স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ জানুয়ারি: আবারও লকডাউনের আশঙ্কায় বাড়ি ফিরে আসছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামের পরিযায়ী শ্রমিকরা। কর্মহীন হয়ে বাড়ি ফিরে এসে অসহায় অবস্থার মধ্যে পড়ছেন তাঁরা। এখন এই পরিযায়ী শ্রমিকরা কিভাবে তাদের সংসার প্রতিপালন করবেন তা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। যদিও স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য জানিয়েছেন, ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের গ্রামে কাজের ব্যাবস্থা করে দেওয়া হবে।

যেভাবে ওমিক্রন মাথা চারা দিচ্ছে তার সাথে তাল মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। কবে আবার লকডাউন হয়ে যাবে গোটা দেশ। গতবারের লকডাউনের অভিজ্ঞতার কারণে এবার আগের থেকেই চলে আসা শুরু করে দিয়েছে পরিযায়ী শ্রমিকরা। তাই রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে যারা ভিন রাজ্য দিল্লি, মুম্বাই, জয়পুর, পঞ্জাব, কেরালা, গুজরাট, হায়দ্রাবাদ, চেন্নাই সহ বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়েছিল তারা এক এক করে বাড়ি ফিরছে বলে জানান তারা। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর, ভুলকাই, বাসতিপুর, শংকরপুর, কোমরোল, কসবা, ঝিটকিয়া, কুমারজল গ্রামের বেশ কিছু পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরেছে। বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০ হাজার পরিযায়ী শ্রমিক ভিম রাজ্য কাজ করতে গিয়েছে।

