বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা অফলাইনে গ্রহণের দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ মে: কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা অফলাইনে নেওয়ার দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এই মর্মে আজ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রীষ্মবকাশের অব্যাবহিত পূর্বেই অতিরিক্ত তাপপ্রবাহ জনিত কারণে আকস্মিক ভাবেই রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ঘোষণা করা হয়েছে দেড়মাসের গ্রীষ্মবকাশ। আবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি অফলাইনে, না অনলাইনে হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের ওপরে চাপিয়ে দেওয়ায় এক অভূতপূর্ব চাপে ও সমস্যায় পড়ে গেছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি।

এদিকে অফলাইনের পরিবর্তে পরীক্ষা নিতে হবে অনলাইনে এই দাবিতে প্রায় প্রতিদিন সংগঠিত হচ্ছে বিক্ষোভ ও ঘেরাও। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির(WBCUTA)’র স্পষ্ট বক্তব্য গ্রীষ্মবকাশের আগে টানা চারমাস চলেছে অফলাইন ক্লাস তাই শিক্ষার গুণগত মানকে ধরে রাখার স্বার্থেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা নিতে হবে অফলাইনে। এই দাবিতে আজ পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন অধ্যাপক স্বপন মুখোপাধ্যায় (জেলা সম্পাদক), অধ্যাপক চন্দন মুখোপাধ্যায়, অধ্যাপক উৎপল সামন্ত, অধ্যাপক চক্রধর রাজোয়ার, অধ্যাপক সারওয়ার হোসেন ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *