সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ জুন: তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভায় পৌরপ্রধানের পদত্যাগের পর আজ প্রশাসকের দায়িত্ব নিলেন মহকুমা শাসক প্রলয় কুমার মন্ডল। আজ তিনি দায়িত্ব ভার গ্রহণ করেন।
এদিকে তৃণমূল পরিচালিত বোর্ড- এর ক্ষমতা হস্তান্তর, এর পর আজ পুর প্রশাসক দায়িত্ব ভার গ্রহণের পূর্বে বিজেপি কর্মীরা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করেন পৌরসভা। তাদের এই কর্মসূচি ঘিরে পৌরসভায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিজেপি কর্মীদের বক্তব্য, পূর্বতন তৃণমূলের আমলে পৌরসভা দুর্নীতি সহ নানা অপকর্মের আখড়ায় পরিণত হয়েছে। সেই জন্য এই স্থান অপবিত্র হয়ে গেছে। আজ তৃণমূলের বোর্ডের বিদায় হতেই নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার আগে স্থানটি গঙ্গা জল ছিটিয়ে অপবিত্র মুক্ত করা হোল।
উল্লেখ্য, গত ১৭জুন পৌরপ্রধান অলকাসেন মজুমদার পদত্যাগ করেন।তার পূর্বে তার দলেরই ভাইস চেয়ারম্যান, তিন সিআইসি সহ ১৬জন কাউন্সিলর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন জেলাশাসকের কাছে। ২৪ সদস্যের বাঁকুড়া পৌরসভার ২১জন তৃণমূলের, বাকি তিন জন কাউন্সিলর নির্দল।পরবর্তীতে দু’জন নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দেন।

