প্রকাশ্য মঞ্চে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার প্রশংসায় পঞ্চমুখ মমতা, ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অমিত মালব্যের

আমাদের ভারত, ২৩ জুলাই: গতকাল থেকেই ব্যাপক চর্চার মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ২৭ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ চালিয়েছে ইডি। তল্লাশি অভিযান চলছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা। সেই অর্পিতার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল মমতাকে। হ্যাঁ এমনি একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।

এই প্রথম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কোনো মন্ত্রীকে গ্রেপ্তার করা হল। স্বাভাবিকভাবেই বিরোধী পক্ষ কটাক্ষের সুযোগ হাতছাড়া করবেন না। এর মধ্যে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি একটি তৃণমূল কংগ্রেসের লোগো যুক্ত পুরনো ভিডিও পোস্ট করেছেন টুইটারে। সেখানে একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে। সেখানে মমতা অর্পিতাকে প্রশ্ন করছেন, ওড়িশায় কাজ করো? ওড়িয়া বলতে পারো? ভালো করে কাজ করো। বাংলার মেয়ে ওড়িশায় কাজ করে। পার্থ চট্টোপাধ্যায়কেও বলেছি আগে ওকে দেখেছি এখানে এসেছিল।

ভিডিওটি পোস্ট করে মালব্য বলেছেন, “খুব বেশি দিন আগেকার ঘটনা নয়। জনসম্মুখে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের প্রশংসা করছেন। আর তারই বাড়ি থেকে ইডি বেশি নয় সামান্য কুড়ি কোটি টাকা উদ্ধার করেছে। মমতা অর্পিতা সম্পর্কে জানতেন, তিনি যে ভাল কাজ করছেন সেটাও জানতেন। কোনো ধরনের ভুল করবেন না। পার্থ স্বইচ্ছায় প্রতারণা করছিলেন না।”

অমিত মালব্য দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই অর্পিতা সম্পর্কে জানতেন এবং দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় যে জড়িয়ে রয়েছে ও তার সহযোগী হিসেবে কাজ করছে অর্পিতা, মুখ্যমন্ত্রীর তা জানা ছিল। আর সেই জন্যই প্রকাশ্য মঞ্চেও অর্পিতার প্রশংসা ছিল মমতার গলায় এবং তার ভালো কাজের জন্য তাঁকে আরও উৎসাহ যোগাচ্ছেন তিনি বলে দাবি করেছেন মালব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *