আমাদের ভারত, মালদা, ১ ডিসেম্বর: বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে লোকশিল্পীদের মাধ্যমে সচেতনতা প্রচার চালালো মালদা জেলা স্বাস্থ্য দপ্তর। এদিন সকালে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় লোকশিল্পীদের গানের মাধ্যমে এইডস সচেতনতা সম্পর্কিত বিষয় সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। এদিন মুর্শিদাবাদের লালগোলা এলাকার লোকশিল্পীদের দল স্বাস্থ্য দফতরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজের সামনে এইডস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা মূলক বিষয় তুলে ধরেন। গানের মাধ্যমে মেডিকেল কলেজে রোগীর আত্মীয় থেকে সাধারণ মানুষকে বোঝানো হয় যে, এই মারণব্যাধি ছোঁয়াচে নয়, এবং কিভাবে এই রোগ দেহে পৌঁছায় এবং এর প্রতিরোধ ব্যবস্থা কি রয়েছে।
এদিন এক লোকশিল্পী সাইদুর রহমান জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সচেতন করছি। গানের মাধ্যমেই মানুষের কাছে এই মরণব্যাধির বিষয়ে সচেতনতা মূলক প্রচার তুলে ধরা হচ্ছে।

