জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ জানুয়ারি: হেলমেট আপনাদের পোশাকের একটা অঙ্গ করে ফেলুন।হেলমেট না ব্যবহার করে আপনি পুলিশকে ফাঁকি দিচ্ছেন না, আপনি নিজেকে আর আপনার পরিবারকে ফাঁকি দিচ্ছেন। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে আয়োজিত সেফ ড্রাইভ সেভ লাইভ প্রোগ্রামে যোগ দিয়ে এ কথা বলেন ডিএসপি ট্র্যাফিক হেমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়।

এই কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন একটি প্রচার মিছিলের আয়োজন করা হয়। পা মেলান ডিএসপি ট্রাফিক হেমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, বেলদা এসডিপিও শামিম বিশ্বাস, জোড়াগেড়িয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম দেবনাথ, বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, কর্মাধ্যক্ষ শেখ ইফতেখার আলী সহ অন্যান্যরা।

ধনেশ্বরপুর থেকে শুরু হয়ে খাকুড়দা বাজার পরিক্রমা করে ফাঁড়ির সামনে এসে প্রচার মিছিল শেষ হয় এবং পথ নিরাপত্তা সংক্রান্ত পথসভার আয়োজন করা হয়।

