আমাদের ভারত, ১২ জুলাই: মাত্র ৩ হাজার টাকা খরচ করে নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে শুরু করেছিলেন বোমা। রবিবার উত্তরপ্রদেশের লখনৌয়ের কাকৌরি থেকে আল-কায়েদা জঙ্গি সন্দেহে ধৃতদের জেরা জানতে পেরেছে পুলিশ। স্বাধীনতা দিবসের দিন একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের বলেও জেরায় জানা গেছে।
ধৃত দুই ব্যক্তি প্রেসার কুকার বোমা তৈরি করছিল। ই রিক্সার ব্যাটারিও তাতে ব্যবহার করতেন তারা। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করে এটিএস। ধৃত দুই ব্যক্তির নাম মিনহাজ আহমেদ ও মাসিরউদ্দিন। দুজনের বয়স ৫০এর কাছাকাছি। তাদের ঘর থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের জঙ্গি সংগঠনের সাথে তাদের যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।
স্বাধীনতা দিবসের দিন উত্তরপ্রদেশের একাধিক জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। এছাড়াও আগামী বছর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বড় সরো সন্ত্রাসবাদি হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। ইন্টারনেটের মাধ্যমে আল-কায়েদার সঙ্গে তাদের নিয়মিত চোখ ছিল। তাতেই তাদেরকে নিজস্ব পদ্ধতিতে বোমা তৈরি করতে বলা হয়েছিল। গতকালের তল্লাশি অভিযান আইইডি বিস্ফোরক, একটি পিস্তল ও একটি প্রেসার কুকার বোমা উদ্ধার হয়।
ধৃতদের জেরা করার পর আরও চার চারটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে কানপুর থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। সম্বল থেকেও এক যুবককে আটক করে জেরা করা হয়েছে। বৈষ্ণোরে আইএসআই এর স্লিপার সেলের গতিবিধি নজরে এসেছে, তাই সেদিকেও তদন্ত শুরু হয়েছে।

