আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ ডিসেম্বর:
পাঁশকুড়া–হলদিয়া রেল লাইনের তমলুকের কাপাসবেড়িয়ায় রেললাইনের উপর আটকে যাওয়া ছোট প্রাইভেট গাড়িতে লোকাল ট্রেনের ধাক্কা। ঘটনার পর রেলগেটের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। ট্রেন আটকে প্রায় দেড় ঘন্টা অবরোধের পরে রেলগেটের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ ওঠে।
তমলুক পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাপাসবেড়িয়াতে প্রহরীবিহীন রেললাইন পারাপার হতে গিয়ে লাইনের উপরে আটকে যায় ছোট প্রাইভেট গাড়ি। সেই সময় হলদিয়া থেকে পাঁশকুড়া গামী লোকাল ট্রেন এসে যায় এবং ধাক্কা মারে গাড়িটিতে। ছোট গাড়ির ড্রাইভার ও আরোহীরা ট্রেন আসার আগেই নেমে যাওয়ায় কোনও প্রাণহানি ঘটেনি। ট্রেনটি ছোট গাড়িটিকে ধাক্কা মেরে অনেকখানি টেনে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এই দুর্ঘটনার পর এলাকার মানুষজন রেল লাইনের উপরে ট্রেন আটকে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয় মানুষের দাবি, রাস্তা খারাপের জন্য গাড়িটি আটকে যায়। বারবার রেলদপ্তরে জানিয়েও রাস্তা ঠিক করা যায়নি। বরং রাস্তা ঠিক করলে আবার রেলের লোকজন এসে রাস্তা খারাপ করে দিয়ে যায়। রাস্তা খারাপের জন্য এবং রেলক্রসিংয়ে কোনও গেট না থাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এলাকার মানুষের দাবি, রেলগেট করতে হবে এবং রাস্তা সারাই করতে হবে।

এই দাবিতে লাইনের উপরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি আটকে রেখে এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ চলার পরে রেল কর্তৃপক্ষের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং রেলগেটের ও রাস্তা সারাই এর দাবি মেনে কাজের প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। তার সঙ্গে আজ থেকে দুজন প্রহরী পুলিশ পোস্টিং এর প্রতিশ্রুতি দিয়েছে রেল দপ্তর। এই প্রতিশ্রুতি পাওয়ার পর অবরোধ উঠলে দুর্ঘটনাগ্রস্ত ছোট প্রাইভেট গাড়িটি রেল লাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

