স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ ফেব্রুয়ারি: শান্তিপুরে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের মারধরের অভিযোগ উঠলো কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে। শান্তিপুরের বেলেডাঙ্গা মোড়ের ঘটনা।
শান্তিপুরের বাগআঁচড়ার বাসিন্দা অমিত বিশ্বাস পেশায় শান্তিপুর থানার সিভিক ভলান্টিয়ার। অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতো আজও ডিউটি করছিলেন শান্তিপুরের বেলেডাঙ্গা মোড়ে। মদ্যপ অবস্থায় এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী অতর্কিত আক্রমন করে ওই সিভিক ভলান্টিয়ারকে। চার পাঁচজন মিলে বেধড়ক মারধর করে ওই সিভিক ভলন্টিয়ারকে। মুখে, বুকে ও পিঠে লাথি ঘুষি মারার ফলে গুরুতর জখম হয় সে। স্থানীয় মানুষ দুষ্কৃতীদের হাত থেকে ওই সিভিক ভলান্টিয়াকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।

আহত সিভিক ভলান্টিয়ার জানান, কি কারণে এই মারধর তা জানা না থাকলেও মদ্যপ অবস্থায় বাগদিয়া উত্তর পাড়ার বাসিন্দা রাজু দেবনাথ সুমন দেবনাথ এবং তার সাথে আরও ওই এলাকার সাতজন মদ্যপ অবস্থায় তাকে মারধর করে। শান্তিপুর থানা খতিয়ে দেখছে বিষয়টি, তবে অভিযুক্ত দু’জন আপাতত পলাতক বলে জানাগেছে প্রশাসনিক সূত্রে।

