ক্যান্সার চিকিৎসার পরিকাঠামো নিয়ে বাঁকুড়ার জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য অফিসারকে চিঠি

আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: শুক্রবার বিশ্ব ক্যান্সার দিবসে বাঁকুড়ার ক্যান্সার চিকিৎসার পরিকাঠামো নিয়ে জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য অফিসার-এর (সিএমওএইচ) কাছে আবেদন করল বাঁকুড়া লাইফ ওয়েলফেয়ার সোসাইটি।

সোসাইটির সম্পাদক অলোক মন্ডল এবং সভাপতি সন্তোষ ভট্টাচার্যর বক্তব্য, জেলায় জেলায় একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠলেও ক্যানসার চিকিৎসার কোনও ব্যবস্থা বাঁকুড়ায় নেই। বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে কেমোথেরাপি ও রেডিয়েশনের ব্যবস্থা থাকলেও কোনও অঙ্কোলজিস্ট ও পর্যাপ্ত স্বাস্থ্য কর্মী নেই।

একটি শতবর্ষ প্রাচীন মেডিকেল কলেজ হাসপাতালে রেডিয়েশনের জন্য অত্যাধুনিক লিনিয়ার এক্সিলেটার মেশিন বসানোর দীর্ঘদিনের দাবি মানা হয়নি। এখনও পর্যন্ত মান্ধাতা আমলের কোবাল্ট মেশিনের সাহায্যে রেডিয়েশন দেওয়া হয়। অঙ্কো মেডিসিনের কোনও চিকিৎসক এখানে না থাকায় ডিপ্লোমাধারী টেকনিশিয়ানরাই একমাত্র ভরসা। পুরনো রেডিয়েশন মেশিন প্রায় দিনই অচল হয়ে যায় ফলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি হয়। সপ্তাহে পরপর পাঁচদিন রেডিয়েশন নেওয়ার দরকার থাকলে দেখা যায় দুদিন নেওয়ার পর মেশিন অচল। রেডিয়েশনে এই ব্যবধান হলে তা ঠিকমতো কাজে লাগে না।

আমাদের সংগঠনের আন্দোলনের ফলে ক্যানসার নির্ণয়ের জন্য ম্যামোগ্রাফির যন্ত্র বসানো হয়। সেটাও অচল হয়ে পড়ে আছে। এসব নিয়ে দীর্ঘদিন আন্দোলন ও সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছে বাঁকুড়া লাইফ ওয়েলফেয়ার সোসাইটি। আমাদের দাবিগুলো গুরুত্ব দিয়ে ইতিপূর্বে বাঁকুড়া হাসপাতালে ম্যামোগ্রাফি যন্ত্র বসানোর ব্যবস্থা করেন, এছাড়া কেমোথেরাপি নিতে আসা রোগীদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি হয়।

দীর্ঘদিনের এই স্বীকৃত সংগঠনের সঙ্গে বর্তমান হাসপাতাল কর্তৃপক্ষ কোনও আলোচনা করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *