কল্যাণকে নিয়ে চিঠি, মহিলা মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আশা অগ্নিমিত্রার

আমাদের ভারতের, ২০ জানুয়ারি: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা আইনজীবীদের চিঠি নিয়ে সরব হলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের লেখা বুধবারের ওই চিঠির ব্যাপারে তৃণমূলের অনেক নেতা-নেত্রী কল্যাণের বিরুদ্ধে সরব হয়েছেন।

বৃহস্পতিবার টুইটারে অগ্নিমিত্রা লিখেছেন, ‘মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার দলের এক সাংসদের বিরুদ্ধে দলের ১৫৭ জন আইনজীবীর অভিযোগ, তিনি মহিলাদের থেকে অযাচিত সুবিধা নিয়েছেন। আপনি এক জন মহিলা মুখ্যমন্ত্রী। তাই আমরা তদন্তের আশায় রয়েছি।’

কল্যাণবাবুর বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে অসংসদীয় শব্দ প্রয়োগেরও অভিযোগ তোলা হয়েছে চিঠিতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছে তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবীরা। চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

প্রসঙ্গত, রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি দু’মাস বন্ধ রাখা নিয়ে সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার পরেই দলের অন্দরে লাগাতার নিশানা হয়ে চলেছেন কল্যাণবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *