“আমার সাথে ফিরহাদ হাকিমের বাড়িতেও অস্ত্র তল্লাশি হোক”, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২৩ এপ্রিল:রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন সুকান্তর বাড়িতে খুঁজলে অস্ত্র মিলতে পারে। ববি হাকিমের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। টুইটারে তিনি লিখেছেন তার বাড়িতে অস্ত্র তল্লাশি হোক। একইসঙ্গে ফিরহাদের বাড়িতেও এই একই ভাবে অস্ত্র তল্লাশি হোক।

শনিবার হরিদেবপুর এলাকায় পরিত্যক্ত একটি অটো থেকে উদ্ধার হয়েছে ১৯টি বোমা। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন উত্তর প্রদেশ বিহারের মত রাজ্য থেকে পশ্চিমবঙ্গে অস্ত্র ঢোকানো হচ্ছে। দেশকে একটা অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। কারা এই অস্থিরতার পেছনে রয়েছে তা সবাই জানে। সব রকম ভাবে বাংলাকে অস্থির করার চেষ্টা হচ্ছে। এরপরে সুকান্ত মজুমদারের নাম উল্লেখ করে ফিরহাদ হাকিম বলেন, হরিদেবপুর সহ যেকোনো জায়গায় ঘটনা ঘটলেই সেখানে দ্রুত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সুকান্ত বাবুর বাড়ি থেকে কোন দিন হয়তো দেখবো অস্ত্র উদ্ধার হবে।

ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরেই সুকান্ত টুইটারে লেখেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তার বাড়িতে তল্লাশি হলে অস্ত্র পাওয়া যাবে সেই দাবি একেবারেই ভিত্তিহীন। একইসঙ্গে ফিরহাদকে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ও সেটা গ্রহণ করতে বলেন। তিনি বলেন তার বাড়িতে অস্ত্র তল্লাশি হোক কিন্তু একই রকম ভাবে ফিরহাদের বাড়িতেও অস্ত্র তল্লাশি করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *