আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ ডিসেম্বর: প্রয়াত হলেন ষাটের দশকের কিংবদন্তি ফুটবলার সনৎ শেঠ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৩২ সালে পানিহাটির টিএন ব্যানার্জি রোডের বাড়িতেই জন্ম হয় তাঁর। তারপর পড়াশোনা খেলাধুলার মধ্যে দিয়ে বেড়ে ওঠা সনৎ শেঠের। ফুটবল অন্তপ্রাণ ছিলেন
সনতবাবু। কলকাতার তিন বড় ক্লাব সহ দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বহুবার, ১৯৫৪ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন সনৎ শেঠ..
আজ সকাল দশটা চল্লিশ নাগাদ বার্ধক্যজনিত রোগে ইহলোকের সমস্ত মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন পানিহাটির সকলের প্রিয় সনৎ কাকু…
তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া পানিহাটির টিএন ব্যানার্জি রোড সহ গোটা ফুটবল মহলে। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিদল মৃতদেহতে ক্লাবের পতাকা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানালেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রীও ফোন করে সমবেদনা জানিয়েছেন সনতবাবুর পরিবারকে।

সমবেদনা জানাতে এদিন তাঁর বাড়িতে আসেন পানিহাটির বিধায়ক তথা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, আসেন পানিহাটি পৌরসভার মুখ্য প্রশাসক মলয় রায়, উপ মুখ্য প্রশাসক সোমনাথ দে সহ অগণিত তার অনুগামীরা। বিধায়ক নির্মল ঘোষ জানান, তাঁর স্মৃতির উদ্দেশ্যে পানিহাটি স্পোটিং ক্লাবের ময়দানে তার নামাঙ্কিত একাডেমির প্রস্তাব দেওয়া হবে। তিনি আরো বলেন, “কিংবদন্তি ফুটবলার সনৎ দা’র মতো ব্যক্তি যুগে এক জন করে হয়। তিনি ছিলেন পানিহাটির গর্ব, বাংলার গর্ব। তাঁকে নিয়ে ফুটবল ক্লাবগুলো কাড়াকাড়ি করত। তাকে চিরকাল ফুটবল প্রেমী বাংলার মানুষ মনে রাখবে।”
পরিবার সূত্রে খবর, এদিন বিকেল চারটের সময় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পানিহাটি শ্মশান ঘাটে।

