জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ অক্টোবর: হিউম্যান রাইটস ল’ নেটওয়ার্কের সহযোগিতায় বেলপাহাড়ির পল্লীমঙ্গল ক্লাবে আজ এলাকার তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষদের নিয়ে একটি আইনি পরামর্শ দান সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় খাদ্যের অধিকার, সরকারি আবাস, সম্পত্তির অধিকার সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বঞ্চিত ১০৯ জন তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

হিউম্যান রাইটস ল’ নেটওয়ার্কের পক্ষ থেকে পরামর্শ মূলক বক্তব্য রাখেন আইনজীবী পৌলোমী নাগ ও অর্চিষ্মান ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সমাজকর্মী যতীন্দ্র নাথ মাহাতো, নরহরি বর্ধন, নিত্যানন্দ শবর, সুব্রত ভট্টাচার্য, রঞ্জিত পাল, ঝরনা আচার্য ও জঙ্গলমহলের পাথর শিল্পী নব মিস্ত্রি। সভায় জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের সভাপতি যতীন্দ্র নাথ মাহাতো ক্ষুদ্র মৎস্যজীবীদের অধিকার ও বনভূমি আইনের মাধ্যমে বনাধিকার কমিটি গঠনের নানা দিক তুলে ধরেন।

