CPIM, Midnapur, মেদিনীপুরে বামেদের আইন অমান্য আন্দোলন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: কাজের অধিকার, গণতন্ত্র, সমতা ও ন্যায়বিচারের দাবিতে মেদিনীপুর শহরে আইন অমান্য আন্দোলনে নামল বামপন্থী ছাত্র, যুব, মহিলা, শ্রমিক ও কৃষক সংগঠনগুলি। সোমবার এই কর্মসূচিকে ঘিরে কার্যত সরগরম হয়ে ওঠে মেদিনীপুর শহর।

এদিন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণ থেকে বামপন্থীদের একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক ও কৃষক সংগঠনের বহু কর্মী- সমর্থক অংশ নেন। বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দিতে দিতে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কালেক্টরেটের দিকে এগিয়ে যায়। মিছিল কালেক্টরেটের গেটে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা কালেক্টরেটের মূল গেটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আগে থেকেই মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহিনী তাদের আটকে দেয়। কালেক্টরেট গেটের মূল প্রবেশ পথ বন্ধ করে দিয়ে পথ আটকায় পুলিশ। এরপর পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ঠেলাঠেলি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।
আইন অমান্য করে এগিয়ে যাওয়ার অভিযোগে একের পর এক আন্দোলনকারীকে আটক করে পুলিশ।

আন্দোলনকারীদের দাবি, এদিন প্রায় ১০ হাজার মানুষকে গ্রেফতার করা হয়। পরে তাদের প্রত্যেককেই জামিনে ছেড়ে দেওয়া হয়। এরপর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে যায়। সেখানে তাদের বিভিন্ন দাবির কথা উল্লেখ করে লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়। কাজের অধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা- সহ একাধিক দাবির কথা ডেপুটেশনে তুলে ধরা হয়।

বাম নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের জীবন- জীবিকার সঙ্গে যুক্ত একাধিক সমস্যা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে এই আন্দোলন সংগঠিত হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে এদিন মেদিনীপুর শহরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কর্মসূচি ঘিরে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচলেও সাময়িক প্রভাব পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *