আমাদের ভারত, শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বর: শিলিগুড়ি পুরনিগমের মেয়াদ শেষ হওয়ার পর নতুন বোর্ড গঠন করেছে রাজ্য সরকার। কিন্তু এই বোর্ড গঠনকে অনৈতিক বলে অভিযোগ করেছে বামেরা। তারা কোনও ভাবেই এই বোর্ডকে মেনে নিতে পারেনি। এমনকি এই বোর্ডের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছে তারা। এবার এই বোর্ডের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় নাগরিক কনভেনশন করবে বামেরা। শহরের মানুষকে তারা বোঝাবে এই বোর্ড যা প্রতিশ্রুতি দিচ্ছে তা ভুয়ো। সোমবার এবিষয়ে অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলন করেন বাম নেতা অশোক ভট্টাচার্য। তিনি বলেন, এই বোর্ড প্রতিদিন যে সকল উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। কারণ তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কোথাও এখনও কোনও কাজ শুরু হয়নি। আমরা অবিলম্বে পুরনিগম ও মহকুমা পরিষদের নির্বাচন চাই। আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচনের দাবিতে মহকুমা পরিষদ অভিযান ও ২৩ সেপ্টেম্বর নাগরিক কনভেনশন করা হবে। এর আগে পাড়ায় পাড়ায় আমরা বেশ কিছু কনভেনশন করব। এই বোর্ডের ভাওতাবাজি আমরা মানুষের সামনে তুলে ধরব।
পাশাপাশি এদিন তিনি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) সমালোচনা করেন। তার বক্তব্য এসজেডিএতে ১০বছরে ৫ বার চেয়ারম্যান বদল হয়েছে। আমাদের সময় আমিই ২০ বছর ছিলাম। আসলে এদের কোনও নীতি নেই। কি কাজ করবে জানা নেই তাই মাঝে মধ্যেই চেয়ারম্যান বদল করে। সেখানেও আর্থিক দুর্নীতি হয়েছে। তাহলে এই সরকার কি কাজ করছে। আমাদের নাগরিক কনভেনশনে এসব নিয়েই আলোচনা হবে। আমরা মানুষের সামনে সত্য তুলে ধরব।
এদিকে বাম নেতা অশোক ভট্টাচার্যের মন্তব্যকে গুরুত্বই দিলেন না প্রশাসক গৌতম দেব। তাঁর বক্তব্য, উনাকে নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। উনি সুস্থ থাকুক সেই কামনা করি।

