আমাদের ভারত, হাওড়া, ১৩ সেপ্টেম্বর: বিধানসভা নির্বাচনের পর থেকেই হাওড়া গ্রামীণ জেলাজুড়ে বিরোধী রাজনৈতিক শিবিরে ধস নামিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে জেলার প্রায় সবকটি বিধানসভায় বিরোধী রাজনৈতিক দলের হাজারে হাজারে নেতা কর্মী তৃণমূলে যোগ দিয়েছে। ফলে বিজেপি পরিচালিত বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এসেছে। সেইরকম রবিবার রাতে উদয়নারায়ণপুরের খোসালপুরে এবং উলুবেড়িয়া উত্তর বিধানসভার সিরাজবাটি অঞ্চলে বিরোধী রাজনৈতিক শিবিরের ৭৫০ জন নেতা কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন উদয়নারায়ণপুরের খোসালপুরে এক অনুষ্ঠানে ৫০০ বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।
অন্যদিকে সিরাজবাটি অঞ্চলে ২৫০ বিজেপি এবং সিপিএম নেতা কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি।

