জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ডেবরা ব্লকের ৫/১ অঞ্চলে দলপতিপুর বাজার সংলগ্ন এলাকায় ঘাটাল সাংগঠনিক জেলার জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি অজিত মাইতি, বর্তমান ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত, ডেবরার বিধায়ক তথা মন্ত্রী হুমায়ূন কবির, দাসপুরের বিধায়ক মমতা ভুইঞা ও ডেবরার প্রাক্তন বিধায়ক সেলিমা খাতুন বিবি সহ অন্যান্য নেতৃতবৃন্দ।

গত বিধানসভা নির্বাচনের পর পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার জন্য দুইটি সাংগঠনিক জেলায় ভাগ করা হয়। একটি পশ্চিম মেদিনীপুর, অপরটি ঘাটাল সাংগঠনিক জেলা।আজ দুই সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নানা ধরনের অনুষ্ঠান হয়। গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপনের সূচনা করেন জেলা সভাপতি সুজয় হাজরা, বিশ্বনাথ পান্ডব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সকালে খড়্গপুর গ্রামীনের রূপনারায়ণপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কলকাতা মুম্বাই জাতীয় সড়কে বাস, লরি ও অন্যান্য গাড়ির চালকদের মিষ্টি মুখ করান অজিত মাইতি, শৈবাল গিরি সহ অন্যান্য নেতারা। রাতে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের পঞ্চুরচকে যুবনেতা প্রসেনজিৎ চক্রবর্তী ও নির্মাল্য চক্রবর্তীর সহায়তায় দুঃস্থ অসহায়দের শীতবস্ত্র বিতরণ করা হয়।

