স্কুল খোলার শেষ মুহূর্তের প্রস্তুতি পুরুলিয়ায়, উন্মুখ ছাত্র ছাত্রীরা

সাথী দাস, পুরুলিয়া, ১ ফেব্রুয়ারি: শেষ পর্যন্ত রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলছে। ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সর্বত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলছে। তাই, রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পুরুলিয়া জেলাতেও স্কুলগুলি শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করেছে। আজ বিভিন্ন স্কুলে একসঙ্গে বেশি সংখ্যক ১৪ তদর্ধ ছাত্র ছাত্রীদের করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়। এছাড়া স্কুলের শ্রেণি কক্ষগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। হচ্ছে জীবাণুমুক্তকরণ।

পুরুলিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক বারিদ বরণ মিশ্র বলেন, “আমরা সরকারি নির্দেশিকা মেনে স্কুলে পঠনপাঠনের জন্য প্রস্তুত। বিধি নিষেধ মেনেই পড়াশোনা হবে। স্কুলের অন্যান্য শিক্ষকদের সঙ্গে এই নিয়ে বৈঠকও হয়েছে।”

জেলা বিদ্যালয় পরিদর্শক গৌতম চন্দ্র মাল বলেন, “এখন অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলবে। স্কুলগুলিকে সরকারি নির্দেশ পাঠানো হয়েছে। কোভিড বিধি মানা বাধ্যতামূলক রয়েছে। বৃহস্পতিবার থেকে নির্দিষ্ট সময়ে স্কুল খুলবে।”

অষ্টম শ্রেণি থেকে বিদ্যালয় কক্ষে পড়াশোনা হলেও পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় পাড়ায় পাঠশালায় পড়ানো হবে। আগামী বৃস্পতিবার থেকে স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় সরস্বতী পুজোয় পড়ুয়াদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় ছাত্র ছাত্রীদের সমাবেশ হবে না।

করোনা মহামারির শুরু থেকে, গত প্রায় ২ বছর ধরে রাজ্যে বন্ধ স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। পঠনপাঠন চলছে অনলাইনে। গত নভেম্বর মাসে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুললেও করোনার তৃতীয় ঢেউ মাথাচাড়া দেওয়ায় তা ফের বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে নিয়ন্ত্রণে সংক্রমণ। শিথিল হয়েছে বিধি। কিন্তু বন্ধই ছিল স্কুল, কলেজ। দীর্ঘদিন পড়ুয়ারা স্কুলে না যাওয়ায় তাঁদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে বলে দাবি করেন শিশু চিকিৎসকরা। সোচ্চার হয় শিক্ষক থেকে ছাত্র সংগঠনগুলিও। 

এদিকে বৃহস্পতিবার স্কুল খোলার কথা জানতে পেরে খুশির হাওয়া শিক্ষার্থী মহলে। “বাড়িতে অনলাইন ক্লাসে আগ্রহ কম ছিল। স্কুলে ক্লাস করার জন্য মুখিয়ে রয়েছি।” বলল রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী তৃজা দাস ও মান্তু ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *