খেলনা পিস্তল নিয়ে বিজেপি যুব মোর্চার লালবাজার অভিযান, রাজ্যজুড়ে থানায় বিক্ষোভ

আমাদের ভারত, ১৬ সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযানে দফায় দফায় উত্তপ্ত হয় কলকাতা। জলকামান, কাঁদানে গ্যাস কোনো কিছুই বাদ দেয়নি পুলিশ বিজেপির এই কর্মসূচি মোকাবিলায়। নবান্ন অভিযানের আঁচ পৌঁছেছে দিল্লী পর্যন্ত। শুক্রবার রাজ্যজুড়ে থানা ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। নবান্ন অভিযানে গেলে যেভাবে বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে থানা ঘেরাও ডাক দিয়েছিল বিজেপি। জেলায় জেলায় কর্মসূচি হয়।

এদিকে বিজেপির যুব মোর্চার তরফেও লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছিল। খেলনা পিস্তল নিয়ে বিজেপি যুব মোর্চার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কলেজ স্কোয়ারে জমায়েত হয় যুব মোর্চার কর্মীরা। তারপর লালবাজার অভিযান শুরু হয়। উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে মূলত এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তবে এদিনেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি যুব মোর্চার কর্মীরা।

কলেজ স্কোয়ার থেকে বেন্টিক স্ট্রিট হয়ে কর্মসূচি হবার কথা ছিল। কিন্তু পুলিশ তাদের কলেজ স্কোয়ারেই ব্যারিকেড করে আটকে দিয়েছে। তাই সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খেলনা বন্দুক নিয়ে অভিনব প্রতিকী প্রতিবাদ জানাতে থাকেন বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে আক্রান্ত পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করতে গিয়ে যে মন্তব্য করেছিলেন তারই প্রতিবাদে এই খেলনা বন্দুক হাতে প্রতিবাদ জানায় বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকরা। শুধু কলকাতাতেই না, সকাল থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ কর্মসূচি হয়েছে সল্টলেক, বাঁকুড়া, বর্ধমান, বারুইপুর, আরামবাগ, দুর্গাপুর সহ বিভিন্ন প্রান্তে। প্রতিবাদ সভা ও মিছিলে শামিল হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *