পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: একসময় রাজনৈতিক অশান্তির কারণে বারবার খবরের শিরোনামে উঠে আসত কেশপুর। তৃণমূল কংগ্রেসের আমল হোক কিংবা তার আগে সিপিএমের শাসনকাল, বিভিন্ন সময়ে রাজনৈতিক সংঘর্ষ ও অশান্তির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এই এলাকা। তবে বর্তমানে কেশপুরের পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবি করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

তাঁর কথায়, “কেশপুর আর আগের মতো নেই। এখন অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। যারা তৃণমূলের আমলে কিংবা সিপিএমের আমলে এলাকাকে অশান্ত করে রাখত, তারা এখন অনেকটাই দমে গিয়েছে। অনেককেই আইনের আওতায় আনা হয়েছে।”

রবিবার কেশপুরের মগরায় একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করার পাশাপাশি উপস্থিত খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের সঙ্গে কথা বলেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেশপুরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, গ্রামবাংলায় যে সুপ্ত প্রতিভা রয়েছে সেগুলো গুরুত্ব সহকারে দেখছে এই সরকার।

