স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ জানুয়ারি: শনিবার ইংরেজি নববর্ষের প্রথম দিনে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হল রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ আশ্রমে। এই উপলক্ষ্যে সকাল থেকেই ভক্তরা ভিড় জমিয়েছিলেন আশ্রম প্রাঙ্গনে। ধর্মীয় নানান অনুষ্ঠানের পাশাপাশি এদিন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, রামকৃষ্ণ দেব জীবনের শেষ দিনগুলি পালন করেছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। ১৮৮৬ সালের ১ জানুয়ারি থেকে কল্পতরু উৎসব পালিত হচ্ছে।
কথিত আছে, এই দিনই এখানে রামকৃষ্ণ দেব তাঁর অনুগামী গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, “তোমার কী মনে হয়, আমি কে?” গিরিশচন্দ্র বলেছিলেন, “তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্ত্যে অবতীর্ণ ঈশ্বরের অবতার।”

রামকৃষ্ণ পরমহংস দেব বলেন, “আমি আর কী বলব? তোমাদের চৈতন্য হোক।” এই দিন হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন রামকৃষ্ণ দেব। ভক্তদের সমস্ত মনোবাঞ্চা পূরণ করেছিলেন তিনি। এই উৎসব উপলক্ষ্যে এদিন বহু ভক্তের সমাগম হয়েছিল আশ্রম প্রাঙ্গনে। স্বামী সত্যধর্মানন্দ মহারাজ, পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, শুভেন্দু মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

