আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ নভেম্বর: মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার সোদপাড়া গ্রামে রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার উপর হামলা ঘটনায় বড়ঞা থানার পুলিশ মোট ১৬ জনকে গ্রেফতার করে। ধৃত ১৬ জনকে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে তোলা হয় বিচারক ভাস্কর মজুমদারের এজলাসে। ধৃতদের চার দিনের জেল হেফাজত রাখার নির্দেশ দেন বিচারক।
জানা গিয়েছে, বড়ঞা বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মোট ১৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার মধ্যে ছিলেন বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মোর্সেদ জর্জ ও বড়ঞা ব্লক যুব তৃণমূল সভাপতি মাহে আলম। কিন্তু তাদের এখনো পুলিশ গ্রেফতার করেনি। মোট ১৬জনকে গ্রেফতার করা হয়েছে এবং সকলকে ৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য, বুধবার বিকেলে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত সোদপাড়া গ্রামে পথ দুর্ঘটনায় মৃত ৬ জনের বাড়িতে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা ও তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। জখম হন মন্ত্রী সুব্রত সাহা, সেই ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে মোট ১৬ জনকে গ্রেফতার করে। ধৃত ১৬ জনকে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে তোলা হয়।

