‘কৃষক-খুনি’ আশিস মিশ্রের জামিন বাতিলের আদেশকে স্বাগত ‘জয় কিষাণ আন্দোলনের’

আমাদের ভারত, ১৮ এপ্রিল: লখিমপুর খেরি কৃষক হত্যাকাণ্ডে সুপ্রিমে কোর্টের মন্ত্রীপুত্র আশিস মিশ্রের জামিন বাতিল ও আত্মসমর্পণের নির্দেশকে স্বাগত জানাচ্ছ জয় কিষাণ আন্দোলন।

সোমবার সংগঠনের তরফে জয় কিষাণ আন্দোলনের সর্ব ভারতীয় সভাপতি, অভীক সাহা এক বিজ্ঞপ্তিতে জানান, “সুপ্রিম কোর্টের আদেশ আবার প্রমাণ করলো দেশ আইনের জোরে চলবে, শাসকদল বিজেপির গুন্ডাদের গায়ের জোরে নয়। এই নৃশংস খুনিদের বিচার এবং সর্বোচ্চ শাস্তির জন্য লড়াইয়ে জয় কিষাণ আন্দোলন অগ্রনী ভুমিকা নেবে।”

অভীক সাহা বলেন, “ইলাহাবাদ হাইকোর্টের জামিনের আদেশের রায় এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে উত্তর প্রদেশ বিজেপি সরকারের পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যে অসন্তোষে প্রকাশ করেছিল কৃষক সমাজ, সর্বোচ্চ আদালতের এই রায়ে তার যথার্থতা প্রমাণ পেয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে স্বাক্ষীদের ভীত সন্ত্রস্ত করার অভিযোগও সামনে এসেছে; এই রায়ে সেটা বন্ধ হবে।

জয় কিষাণ আন্দোলনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি প্রবীর মিশ্র বলেন, “দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, এই ন্যক্কারজনক কৃষক হত্যাকারীদের শাস্তির দাবিতে শেষ অবধি লড়াই চালিয়ে যাবে ভারতীয় কৃষক সমাজ। জয় কিষাণ আন্দোলনও সর্বশক্তি দিয়ে এই লড়াইয়ে থাকবে।”

গত বছরের ৩ অক্টোবর লখিমপুর খেরিতে প্রকাশ্য দিবালকে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিসের বিরুদ্ধে। ৯ অক্টোবর অভিযুক্ত আশিসকে গ্রেফতার করা হয়। কিন্তু ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে তার জামিন মঞ্জুর হয়ে যায়। ফলে আশিস মিশ্র জেল থেকে ছাড়া পেয়ে যান। সংযুক্ত কিষাণ মোর্চার শরিক জয় কিষাণ আন্দলান সহ দেশের সব প্রধান কৃষক সংগঠন ও দেশের কৃষক সমাজ এই জামিনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ ও আন্দোলন করে। নিহত কৃষকদের পরিবারের দায়ের করা মামলার আবেদনে সাড়া দিয়ে দেশের সর্বোচ্চ আদালত আজ রায়ে অভিযুক্ত আশিস মিশ্রের জামিন বাতিল করে দিয়েছে ও তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *