গোপীবল্লভপুরে শুরু হলো জয় জোহার মেলা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ ফেব্রুয়ারি:
রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ দফতরের নির্দেশ মতো গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে শুরু হল ‘জয় জোহার মেলা’। মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ব্লকের অডিটোরিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিডিও দেবজ্যোতি পাত্র সহ ব্লক প্রশাসনের কর্তাব্যক্তিরা। মেলা চলবে আগামী ৩ তারিখ পর্যন্ত।

মেলায় আদিবাসী সম্প্রদায়ের ক্রীড়া ও সংস্কৃতির প্রতিযোগিতা যেমন হবে তেমন অনুষ্ঠানের প্রথম দিনে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়। ব্লকের জয় জোহার মেলায় উপস্থিত থেকে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিএমওএচ গৌতম সিং বলেন, মেলায় উপস্থিত সবাই কোভিড বিধি মেনে অংশগ্রহণ করুন। পাশাপাশি স্বাস্থ্য আধিকারিক সবাইকে সময়মতো করোনা ভ্যাকসিন নেওয়ার আবেদন করেন।

বিডিও দেবজ্যোতি পাত্র বলেন, দীর্ঘদিন কোভিড বিধিনিষেধের পর আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে স্কুল খুলছে তাই আপনাদের বাড়ির ছেলেমেয়েদের সময়মতো স্কুলে পাঠান। জানা গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে তিনবছর আগে আদিবাসী সম্প্রদায়ের ক্রীড়া সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে আদিবাসী মেলার প্রচলন করেছিল। কিন্তু এবার চতুর্থ বছরে সেই আদিবাসী মেলার নাম পরিবর্তন করে জয় জোহার মেলা হিসাবে উদযাপিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *