দল ও পদ থেকে পদত্যাগ করলেন ঝাড়গ্রামের বিজেপি সহ সভাপতি উৎপল দাস মহাপাত্র

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ জুন: বিধানসভা ভোটের পর থেকেই একের পর এক ধাক্কা খাচ্ছে ঝাড়গ্রাম জেলা বিজেপি সংগঠন। কিছুদিন আগেই ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বালিগাড়িয়া অঞ্চলের প্রধান উপপ্রধান সহ ১০০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এবার দল থেকে ও পদ থেকে পদত্যাগ করলেন ঝাড়গ্রাম জেলার সহ সভাপতি উৎপল দাস মহাপাত্র। সোমবার দলের ঝাড়্গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতোকে হোয়াটস অ্যাপের মাধ্যমে লিখিতভাবে দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

এ বিষয় নিয়ে উৎপল দাস মহাপাত্র জানান, ঝাড়গ্রাম জেলার ভারতীয় জনতা পার্টির শুদ্ধিকরণ বহু আগে প্রয়োজন ছিল, কিন্তু তা হয়নি। আর হবে বলেও মনে হয় না। ঝাড়গ্রাম জেলায় দীর্ঘদিন স্বজনপোষণ এবং লবিবাজির ফল আজ দলের কর্মীদের পেতে হচ্ছে। পুরো বিষয়টি আমি আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জানিয়েছিলাম তিনি আমার কথায় কর্ণপাত করেননি। তাই দলের আভ্যন্তরীণ পরিবেশ ভালো না থাকার প্রভাব পড়েছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে।আমি অনেক আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম, কিন্তু দেরিতে হলেও সোমবার পদত্যাগ করলাম সেই সাথে দলত্যাগও করলাম। বিজেপির সাথে আর কোনও সম্পর্ক রইল না। তবে তিনি অন্য কোনও দলে যোগ দেবেন কি না তা এদিন পরিষ্কার করে জানাননি। তিনি আরও বলেন, দল ছাড়লেও ব্যক্তিগত স্তরে মানুষের ভালোর জন্য সামাজিক দায়বদ্ধতা পালন করে যাব।

বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির প্রভাবশালী নেতা বিজেপি ছেড়ে দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করায় ঝাড়গ্রাম জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ, ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত নয়াগ্রাম মন্ডলের সভাপতি ছিলেন উৎপলবাবু। এরপর ২০২০ সালে তাঁকে ঝাড়গ্রাম জেলার সভাপতি সহ সভাপতি করা হয়েছিল। নয়াগ্রামে বিজেপিকে শক্তিশালী করে তোলার জন্য উৎপলদাস মহাপাত্রের অবদান ছিল। তাই উৎপল দাস মহাপাত্র দল ছেড়ে দেওয়ায় নয়াগ্রামের বিজেপি কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *