সাথী দাস, পুরুলিয়া, ১৪ নভেম্বর: ঝালদা পুরসভার তলবি সভা ২১ নভেম্বরই হবে। আজ ঝালদা পুরসভার তলবি সভার ওই তারিখ বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, ১৩ অক্টোবর ঝালদার তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন কংগ্রেসের পাঁচ ও নির্দলের এক কাউন্সিলর অর্থাৎ মোট ছয় জন। এর ১৫ দিনের মধ্যে তলবি সভা ডাকেননি। ফলে উপ-পুরপ্রধান তাঁর সময়সীমার একেবারে শেষের দিকে ২১ নভেম্বর তলবি সভা ডাকেন। কিন্তু সেই সভা বৈধ নয় বলে দাবি করেন অনাস্থা আনা কাউন্সিলররা। পালটা তাঁরাও তলবি সভা ডাকেন। দু’পক্ষই তলবি সভা ডাকার ঘটনায় প্রশাসন চুপ থাকায় শাসক ও বিরোধীদের বিবাদ গড়ায় আদালতে। বিরোধী কাউন্সিলরদের জারি করা নোটিস খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার। বিরোধী কংগ্রেস কাউন্সিলরদের ৪ নভেম্বরের জারি করা নোটিশ খারিজ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তার পর ফের ৯ নভেম্বর উচ্চ আদালতে যান কংগ্রেস কাউন্সিলররা। আজ তার শুনানি ছিল।
এই নিয়ে ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তথা নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা বলেন, “আদালতের রায় আমরা মেনে নিয়েছি। ২১ তারিখ শান্তিপূর্ণভাবেই বোর্ড গঠন করব আমরা।”

