সাথী দাস, পুরুলিয়া, ২১ ফেব্রুয়ারি: অবৈধ মদ ব্যবসা করার অভিযোগে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ঝালদা আবগারী দফতরের বিরুদ্ধে। এরই প্রতিবাদে গ্রামবাসীরা ঘেরাও করল ঝালদা আবগারী দফতর। মৃত যুবকের নাম শিকারী মুড়া (২৭)।
জানা গিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি বাঘমুন্ডি থানার রবিডি গ্রামে হানা দেয় ঝালদা আবগারী দফতরের পুলিশ। অবৈধ মদ ব্যবসার অভিযোগে গ্রেফতার করে গ্রামের যুবক শিকারী মুড়াকে। শিকারীর ভাই লালটু মুড়া বলেন, “দিন কয়েক আগে আমার দাদা শিকারী মুড়াকে গ্রেফতার করে নিয়ে যায় ঝালদা আবগারী দপ্তরের পুলিশ। নিয়ে যাওয়ার সময় বেধড়ক পেটানো হয় দাদাকে। গত কাল বাঘমুন্ডি থানা সূত্রে খবর পাই দাদা শিকারী মুড়া মারা গেছেন। দাদা ছিলেন সংসারের হাল টানার একমাত্র মানুষ। দোষী ব্যক্তিদের কঠোরতম শাস্তির দাবি করছি।”

মানভূম ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সভাপতি পরেশ সিং বলেন, “ঝালদা আবগারী দফতরে এসে জানতে পারি শিকারী মারা গেছে। আমরা জানতে চাই কীভাবে শিকারী মারা গেল। আবগারী দফতরের পুলিশ শিকারীকে মারতে মারতে ঝালদা নিয়ে আসে। এখানেও মারাধর করে। যার ফলে শিকারী মারা যায়। তাই সেদিন যেসব পুলিশ ডিউটিতে ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর পরিবারের একজনকে চাকরি দিতে হবে।”

এদিকে ঝালদা আবগারী দফতরের ওসি মঈদুল ইসলাম অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, মারামারির অভিযোগ মোটেই ঠিক নয়। তাকে সুস্থ না দেখলে তো আদালত জমা নিত না। হয়তো অন্য কোনো কারণে মারা গিয়ে থাকতে পারেন। তার সঠিক তথ্য ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া যাবে।”
শিকারি মুড়ার কাছ থেকে ২০ লিটার অবৈধ মদ উদ্ধার হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে।

