স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৫ জুলাই: পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি পরিচালিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিভিশনের ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। রায়গঞ্জ শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোর সামনে রবিবার রাতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল শ্রমিক সংগঠন।
সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম, একই হারে বৃদ্ধি হয়েছে ডিজেলের দামও। ফলে গণপরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশজুড়ে। পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের এই অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি ঘটায় তার প্রভাব পড়েছে গণপরিবহন ব্যবস্থায়। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির কারনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েছে। নাভিশ্বাস উঠেছে সাধারন মানুষের। এরই প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নেমেছে বিরোধী রাজনৈতিক দল থেকে শ্রমিক সংগঠন। এদিন রায়গঞ্জ শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোর সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে আইএনটিটিইউসি।

