কুমারেশ রায়, মেদিনীপুর, ২৬ জুন: ঘাটাল মহকুমার ক্ষীরপাইয়ের হালদার দিঘিতে বীর শহিদ সিধু কানহুর মূর্তি স্থাপনকে কেন্দ্র করে আদিবাসীদের মধ্যে বিভাজনের অভিযোগ তুলে ক্ষীরপাই পুরসভায় ডেপুটেশন দিল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ২৬ জুন শনিবার ভারত জাকাত মাঝি পারগানা মহল ঘাটাল তল্লাট পারগানা, বিজয় টুডুর নেতৃত্বে পনত পারগানা রবিন টুডুর আদর্শে হালদার দিঘির মোড়ে সিধু কানুর মূর্তি স্থাপনের দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়।

ওই সংগঠনের নেতৃত্ব বিজয় টুডু বলেন, বীর শহিদ সিধু কানুর মূর্তি স্থাপনকে কেন্দ্র করে আদিবাসীদের বিভাজন করার চেষ্টা চলছে। স্থানীয় আদিবাসীদের দীর্ঘ দিনের এই দাবি পূরণের জন্য আমরা আন্দোলন করে এসেছি কিন্তু কিছু বহিরাগতদের এই বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বিজয় টুডু বলেন, সিধু কানুর মূর্তি স্থাপনের বিষয়ে রাজনীতি এবং দুর্নীতি বন্ধ করার জন্য আমাদের আজকের এই ডেপুটেশন। আদিবাসী সমাজের মুখ্য মোড়লদের অপমান করা হচ্ছে কেন এর জবাব চেয়েছে ওই সংগঠন। ৩০ জুনের মধ্যে ক্ষীরপাই হালদার দিঘির মোড়ে সিধু কানুর মূর্তি স্থাপনের দাবি জানিয়েছে ওই সংগঠন।

