আমাদের ভারত, ২৮ আগস্ট: ২০৪৭ সালের মধ্যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে উন্নীত হবে ভারত। গুজরাটের ভুজে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এমনই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দু’দিনের গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার বিকেলে ভুজের জনসভায় মোদী বলেন, দেশে অনেক কিছুরই হয়তো অভাব লক্ষ্য করছেন। সেটা আমি জানি। তবু আমি বুঝতে পেরেছি ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশ হয়ে উঠবে।
একই সঙ্গে তিনি গুজরাটকে বদনাম করার চেষ্টা হচ্ছিল বলে দাবি করেছেন। তাঁর কথায়, যখন একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হচ্ছিল গুজরাট, সেই সময় রাজ্যকে বদনাম করার নানা ষড়যন্ত্র হয়েছিল। যাতে বিনিয়োগ না আসে তার চেষ্টা হয়েছিল। কিন্তু সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে শেষ পর্যন্ত গুজরাট উন্নয়নের নতুন পথ খুলতে পেরেছে বলেই মনে করেছেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, কচ্ছে বিশ্বের বৃহত্তম সিমেন্ট প্ল্যান্ট তৈরি হয়েছে। এশিয়ার প্রথম সেজ বা স্পেশাল ইকোনমিক জোন কচ্ছেই তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী পুরনো সময়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রধানমন্ত্রী বলেন, কচ্ছের ভূমিকম্পের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলাম আমি। সাধারণ একজন দলীয় কর্মী ছিলাম। বুঝতেই পারছিলাম না কিভাবে এত মানুষকে আমি সাহায্য করতে পারি। কিন্তু সিদ্ধান্ত নিই যতটা বেশি সময় পারি সকলের সঙ্গে থাকব। মুখ্যমন্ত্রী হবার সময়কার নানা অভিজ্ঞতা আমার আজ কাজে লেগেছে।
শনিবারই গুজরাট যান মোদী, সবরমতি নদী তীরে তৈরি হওয়া অটল সেতু উদ্বোধন করেন। তিনি রবিবার ভুজে ৪ হাজার ৪০০ কোটি টাকা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যার মধ্যে অন্যতম কচ্ছের সর্দার সরোবর প্রকল্প।

