সাথী দাস, পুরুলিয়া, ৬ জুলাই: সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ প্রতিষ্ঠা দিবসে মিডিয়া ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন হল। ২০১০ সালে পুরুলিয়ার সিধো কানহো বিরশা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই জেলার শিক্ষাক্ষেত্রে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপগুলির মধ্যে অতিসাম্প্রতিক সংযোজন হল এখানকার অত্যাধুনিক মিডিয়া ল্যাবরেটরি ও ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। আজ বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ স্থাপনা দিবসের অনুষ্ঠানে উদ্বোধন করা হয় এই ল্যাবরেটরিগুলির। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই ল্যাবরেটরির ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনের অনুষ্ঠানে সিধো কানহো বিরশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর বলেন, “এই ল্যাবগুলি এখানকার ছাত্র ছাত্রীদের মহানগরে পড়াশোনা করা ছাত্র ছাত্রীদের সমতুল্য শিক্ষালাভ করতে সাহায্য করবে।”

এবিষয়ে তাঁর সঙ্গে একমত হন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা। তিনি বলেন, সারা রাজ্য জুড়েই উচ্চ শিক্ষার ক্ষেত্রে এসেছে সমূহ সুযোগ। এখনকার সরকারের নীতিই হল পড়ুয়াদের সমস্ত ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া ও শিক্ষার বিভিন্ন দিকের প্রসার ঘটানো।
সাংবাদিকতা বিভাগের প্রধান নিবেদিতা মুখোপাধ্যায় জানান, সাংবাদিকতা হাতে কলমে শিখতে হয় শুধুমাত্র বই পড়ে তা শেখা সম্ভব নয়। ল্যাবের অত্যাধুনিক যন্ত্রপাতি ও নবনির্মিত স্টুডিয়োর মাধ্যমে তারা ডক্যুমেন্ট্রি তৈরি, এডিটিং সহ আরও নানান প্রয়োজনীয় কাজ শিখতে ও করতে পারবে। তাতে তাদের শিক্ষার মান আরও বাড়বে।

