শিলিগুড়িতে এবার টিকায় চালু কুপন, থাকছে মুখ্যমন্ত্রীর ছবি!

আমাদের ভারত, শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বর: শিলিগুড়িতে প্রথম ডোজের টিকাকরণ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা ঘোষণা করল শিলিগুড়ি পৌরনিগম। আজ শিলিগুড়িতে পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, শুধুমাত্র প্রথম ডোজের ক্ষেত্রে আমরা আগ্রাধিকার দিচ্ছি। দশটি স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসদনে অন্তত ৪৮ ঘন্টা আগেই এবার থেকে টিকার কুপন মিলবে। এর জেরে টিকা নিতে এসে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরী হবে না

গৌতম দেব বলেন, এখন আঠারো ঊর্ধ্বে সকলের জন্যেই টিকাকরণ শুরু হয়েছে। প্রথম ডোজ সকলের জন্যে নিশ্চিত করতে দুটি টিকা ভ্যান নামবে রাস্তায়। কুপনে টিকা প্রাপকের নাম ও আধারকার্ড নম্বর দেওয়া থাকবে। কিন্তু কুপনে কি মুখ্যমন্ত্রীর ছবিও থাকবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে গৌতম দেব বলেন, কুপনে কী থাকবে আর কী থাকবে না তা চিন্তাভাবনা করা হচ্ছে। পাশে বসা অপর প্রশাসক বোর্ড সদস্য রঞ্জন সরকার বলেন, কুপনে মুখ্যমন্ত্রীর ছবি থাকলে আপত্তির কী আছে?

অন্যদিকে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, টিকা কেন্দ্র দেয়। টিকার সার্টিফিকেটে দেশের প্রধানমন্ত্রীর ছবি থাকে। বিজেপি নেতার নয়। কিন্তু শিলিগুড়িতে শুনছি টিকার কূপনে মুখ্যমন্ত্রীর ছবি থাকতে পারে। কতই রঙ্গ দেখবি দুনিয়ায়। এর বেশী আর কি বলব, কিইবা বলার আছে। খালি স্মরণ করিয়ে দিতে চাই, টিকার সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে দেশের কোথাও কেউ আপত্তি করেনি, একমাত্র তৃণমূল আপত্তি জানিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *