আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ জুন: এই রাজ্যে আইনের শাসন ফেরাতে, কেন্দ্রীয় সরকার চাইলেই রাষ্ট্রপতি শাসন ছাড়াও অন্য আরও ব্যবস্থা নিতে পারে। ঘর ছাড়াদের ঘরে ফেরানোর ব্যাপারে ঘরোয়া মিটিংয়ে উপস্থিত হয়ে পানিহাটিতে একথা জানালেন সায়ন্তন বসু।
বুধবার ঘর ছাড়াদের ঘরে ফেরাতে পানিহাটি মহাজাতি নগরে আক্রান্তদের নিয়ে ঘরোয়া বৈঠক করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ভোট-পরবর্তী হিংসায় ঘর ছাড়া অনেক বিজেপি কর্মী সমর্থকদের কিভাবে বাড়িতে ফিরিয়ে আনা যায় তা নিয়ে সাংগঠনিক ভাবে পানিহাটি ও খড়দহের স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এক লক্ষেরও বেশি মানুষ ঘর ছাড়া আছেন। ৬০ হাজার বাড়ি ভাঙ্গচুর হয়েছে। লুটপাট হয়েছে। নারীরা নির্যাতিত হচ্ছে, শুধু তারা বিজেপি করে বলে।

তিনি এদিন অভিযোগ করেন, বিজেপির কর্মী অটো চালায় বলে তার অটো চালানো বন্ধ করে দিয়েছে। হাতে পিস্তল ধরিয়ে দিয়ে তাকে দুষ্কৃতী বানিয়ে দিয়েছে। এফআইআর করতে এসে পুলিশ চাপ দিচ্ছে
এফআইআর তুলে নেওয়ার জন্য। আইন শৃঙ্খলা বলে কিছু নেই রাজ্যে। তিনি এদিন বলেন, “রাষ্ট্রপতি শাসন জারি হতেই পারে তাছাড়া অনেক পদ্ধতি আছে যেগুলো জারি করা যেতে পারে। অন্য ভাবেও প্রশাসনিক হস্তক্ষেপ নেওয়া যেতে পারে। সেই পথগুলি কেন্দ্রীয় সরকারের খোলা আছে। আমাদের কাজ হচ্ছে ঘটনাগুলো খতিয়ে দেখার এবং সরকারকে জানানো। আমি যে বাড়িতে এখন এসেছি আমি চলে যাওয়ার পরে হয়তো এখানে আক্রমণ হতে পারে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজ পড়ে মৃত্যু হওয়া পরিবারদের যে ক্ষতিপূরণ দিতে গেছেন সেই প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, “তিনি তার নিজের টাকা থেকে দিতে গেছেন। উনি সরকারের কেউ নন? পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা দিতে গেলে আমাদের কিছু বলার নেই।”

