জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ জুলাই: গতকাল কলকাতার ফোর্ট উইলিয়ামের কাছে বাস দুর্ঘটনায় মৃত পুলিশ কর্মীর বাড়িতে কান্নার রোল। ঝাড়গ্রামের জামবনি থানা এলাকার চিচিড়া গ্রামের বাসিন্দা পয়তাল্লিশ বছরের বিবেকানন্দ ডাবের মৃতদেহ কলকাতা থেকে গ্রামের বাড়িতে পৌঁছাতেই বাবা মা সহ আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
বছর পনের আগে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে যোগ দিয়েছিলেন বিবেকানন্দবাবু। গতকাল ফোর্ট উইলিয়ামের কাছে তার বাইকে ধাক্কা মেরে রেলিং ভেঙ্গে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিবেকানন্দের। মৃত পুলিশ কর্মীর বাবা আশিস ডাব গ্রামীণ চিকিৎসক। স্ত্রী স্থানীয় বেলদা হাই স্কুলের শিক্ষিকা। তাদের ৮ বছরের একটি ছেলে আছে।

