সাথী দাস, পুরুলিয়া, ২২ অক্টোবর: পুরুলিয়ার বিভিন্ন বাজারে বিভিন্ন সবজি, আলু, পিঁয়াজের দামে বিশাল ফারাক। আর তাই বাজারদর নিয়ন্ত্রণ রাখতে অভিযানে নামল কৃষি বিপণন দফতর ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আজ সকালে এই অভিযান চলে।
প্রাকৃতিক দুর্যোগ আর পুজোর সময় পণ্যবাহী লরি কম ঢোকায় আলু, পিঁয়াজ সহ কাঁচা সবজির দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে। আর এই পরিস্থিতির সুযোগ নিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। আমদানী করা পণ্যের দাম কমে গেলেও চড়া দামে বিক্রি হচ্ছে পিঁয়াজ সহ অন্যান্য পণ্য। বড় হাটে খুচরো প্রতি কেজি পিঁয়াজের দাম যেখানে ৩২ টাকা সেখানে অন্যত্র ৪০ থেকে ৪৫ টাকা। আর এই আঁচ পেয়ে হাটগুলোতে বিশেষ অভিযান চালালো কৃষি বিপণন দফতর ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পুরুলিয়া জেলার সব থেকে বড় পাইকারি ও খুচরো বাজার ‘বড় হাটে’ এই অভিযান চালায় তারা। ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা।

দেখা গিয়েছে, পিঁয়াজ সহ অন্যান্য পণ্যে খুচরোদর বিভিন্ন রকম। বড় হাটের পাইকারী দর কম থাকলেও পুরুলিয়া শহরের অন্যত্র অনেকটাই বেশি। এই নিয়ে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন না অভিযানে থাকা আধিকারিকরা। অভিযানে থাকা জেলা কৃষি বিপণন আধিকারিক দেবনাথ মন্ডল বলেন, “পুরুলিয়ার মধ্য বাজারে বেশি দামে বিক্রি হওয়ার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে ওই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করব।”

