আমাদের ভারত, হাওড়া, ২৫ মার্চ: হিন্দু নেতা হিসাবে মানুষটার নাম অনেকে শুনলেও চোখে না দেখায় আমতা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে নিয়ে দোটানায় ছিল আমতা বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা। যে মানুষটা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যিনি এলাকার মানুষের হয়ে চিৎকার করবেন সেই লোকটা কিরকম হবে সেই নিয়ে আশঙ্কায় ছিল সাধারণ মানুষ। কিন্তু যেদিন থেকে বিজেপি প্রার্থী নিজের বিধানসভা কেন্দ্রে পা রেখেছেন, সেইদিন থেকেই মানুষের চিন্তা দূর হয়েছে। বিজেপি প্রার্থীর ব্যবহারে আবেগে ভেসেছে দলের কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ।আর যার কারণে প্রতিদিন দেবতনু ভট্টাচার্যেরর পথসভা থেকে জনসংযোগ যাত্রায় মানুষের ঢল নামছে।

বিজেপির প্রার্থী তালিকায় হাওড়া গ্রামীণ জেলার আমতা বিধানসভা কেন্দ্রে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করার পর থেকেই কোমর বেঁধে নিজের বিধানসভা কেন্দ্রে নেমে পড়েছেন বিজেপির এই হেভিওয়েট প্রার্থী। সকাল থেকে রাত চষে বেড়াচ্ছেন আমতার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তা প্রচার করার পাশাপাশি তৃণমূল সরকারের ব্যার্থতা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। বিজেপি প্রার্থীর মুখে সহজ সরল ভাষা শুনে আপ্লুত সাধারণ মানুষ। বৃহস্পতিবার সেইরকম আমতার তাজপুর এবং কুশবেড়িয়া এলাকায় প্রচার ও পথসভা করলেন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। এদিন তিনি বলেন, যেভাবে মানুষের উৎসাহ দেখছি তাতে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

প্রসঙ্গত আমতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল এবার প্রার্থী করেছে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা জেলার মুখপাত্র সুকান্ত পালকে। অন্যদিকে সংযুক্ত মোর্চা কংগ্রেস বিধায়ক অসিত মিত্রর উপর ভযসা রেখেছে। আর বিজেপি এই কেন্দ্রে হিন্দু সংহতির সভাপতি দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করে চমক দিয়েছে।

